লোকসমাজ ডেস্ক॥ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেওয়ার পর আলাদাভাবে কথা বলেছেন আঁতোয়া গ্রিজমান সম্পর্কে। বোঝাই যাচ্ছিলো বার্সেলোনার নতুন কোচের পরিকল্পনার বেশ ভালোমাতেই আছেন ফরাসি তারকা। এরপরও তার ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমে। যদিও সব গুজব উড়িয়ে দিয়েছেন গ্রিজমান নিজেই। গত বছরের গ্রীষ্মের দলবদলে ১২০ মিলিয়ন ইউরোতে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন গ্রিজমান। অনেক প্রত্যাশা নিয়ে ন্যু ক্যাম্প এলেও প্রথম মৌসুমটা একেবারেই ভালো যায়নি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের। দলীয় সাফল্যের খরার মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সেও ভুগতে হয়েছে ভীষণ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করলেও প্রায় সময়ই তাকে খেলতে হয়েছে তার পজিশনের বাইরে। তাছাড়া নিয়মিত একাদশেও থাকা হয়নি তার।
এই অবস্থায় নতুন মৌসুম শুরুর আগে তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন। সম্ভাব্য গন্তব্য হিসেবে বড় বড় ক্লাবের নাম শোনা যাচ্ছে। যে তালিকায় রয়েছে প্যারিস সেন্ত জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল ও তার সাবেক ক্লাব আতলেতিকো। যদিও গ্রিজমান সব গুজব উড়িয়ে দিয়ে নিশ্চিত করছেন, তিনি বার্সেলোনাতেই সুখে আছেন। এক ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার ভবিষ্যৎ বার্সেলোনায় কিনা? জানি না কেন মানুষজন আমার নতুন গন্তব্য তৈরি করে, ভাবে কোনও না কোনও দিন তো তাদের কথা সঠিক হবে। আমি এখানেই (বার্সেলোনা) ভালো আছি।’ নতুন কোচ যে তাকে ভালো মতোই আশ্বস্ত করেছেন, সেটি বোঝা গেল গ্রিজমানের পরের কথায়, ‘এই ক্লাব ও কোচের ওপর আমার বিশ্বাস আছে। সুতরাং আমি ভালো আছি। খুবই কঠিন একটা মৌসুমে গেছে আমাদের সবার। তবে এখন আবার নতুন করে শুরু করেছি।’





