লোকসমাজ ডেস্ক॥ সময়ের সেরা ব্যাটসম্যানের প্রশ্নে দুজনকে নিয়ে হয় সবচেয়ে বেশি আলোচনা। কারও মতে বিরাট কোহলি, কেউ বলেন স্টিভেন স্মিথ। ব্যক্তিগত দ্বৈরথ থাকলেও নিজেদের মধ্যে শ্রদ্ধার জায়গা কিন্তু তাদের প্রচণ্ড। এই যেমন ২০১৯ বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের স্মিথকে দুয়ো না দেওয়ার অনুরোধ করেছিলেন কোহলি। এবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আনুকূল্য ফিরিয়ে দিলেন অন্যভাবে। বর্তমান সময়ে বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে কোহলির নাম বলেছেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে কোহলির রাজত্ব চলছে অনেকদিন হলো। দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে উঁচু থেকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক। তার প্রশংসা ঝরে বিশ্বের প্রায় সব ক্রিকেট বিশ্লেষকের মুখে। বাদ পড়েন না সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররা। এবার তার প্রতিদ্বন্দ্বী স্মিথের প্রশংসাও কুড়ালেন তিনি।
শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। এই সিরিজ শুরুর আগে ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে হাজির হয়েছিলেন স্মিথ। সেখানেই এক ভক্ত জানতে চেয়েছিলেন, বর্তমানে ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কে? উত্তরে ৩১ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন কোহলির নাম। এখন যারা খেলছেন, তাদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান কোহলির। ৫৯.৩৪ গড়ে করেছেন ১১ হাজার ৮৬৭ রান। সেঞ্চুরি সংখ্যা ৪৩টি। ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যায় শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে দরকার তার মাত্র সাত সেঞ্চুরি। স্মিথ কথা বলেছেন কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে নিয়েও। এক ভক্ত দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে এককথায় বর্ণনা করতে বললে স্মিথ বলেছেন, ‘অস্বাভাবিক’।





