সূচি নিয়ে ঝামেলা, একদিন পিছিয়েছে লা লিগা

লোকসমাজ ডেস্ক॥ স্প্যানিশ সকার ফেডারেশনের আপত্তির ফলে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে লা লিগা। গ্রানাদা-অ্যাথলেতিক বিলবাওর মধ্যকার মৌসুমের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু স্প্যানিশ সকার ফেডারেশন জানিয়ে দিয়েছে, শুক্রবার ও সোমবার কোনও ম্যাচ হতে পারবে না। ফলে ওই ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। শুক্রবার ও সোমবার ম্যাচ হওয়া নিয়ে অনেক দিন ধরেই লা লিগা ও স্প্যানিশ সকার ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব চলমান। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের দাবি, এই দুদিন ম্যাচ থাকলে টেলিভশন দর্শক বেশি থাকে। ফলে সম্প্রচারের ক্ষেত্রেও আয় হয় বেশি। কিন্তু এ যুক্তির পুরোপুরি বিপরীতই ধারণা পোষণ করেন স্প্যানিশ সকার ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। তিনি দাবি করেছেন, এ দুদিন দর্শকের অংশ নেওয়াই কঠিন হয়ে যায়। ফলে তারা শুধু শনিবার ও রবিবারেই ম্যাচ রাখার পক্ষে।
নতুন সিদ্ধান্তে শুক্রবারের ম্যাচটি পেছানোর ফলে এই মৌসুমের প্রথম ম্যাচে শনিবার আগে মুখোমুখি হবে এইবার ও সেল্তা ভিগো। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। পরের ম্যাচে মুখোমুখি হবে গ্রানাদা ও বিলবাও। ম্যাচটি শুরু হবে শনিবার রাত সাড়ে ১০টা। আর সোমবার হতে যাওয়া আলাভেস ও রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হচ্ছে রবিবার। অথচ এ বিষয়ে এতদিন এক মেরুতেই ছিল দুই পক্ষ। কারণ করোনার মহামারিতে জুনে মৌসুম চালুর পর মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে ওই দিনগুলিতে ম্যাচ হওয়া নিয়ে ঝামেলা হয়নি। নতুন মৌসুমেও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শুক্র-সোমবার ম্যাচ রেখেই সূচি তৈরি করেছিল লা লিগা। কিন্তু স্প্যানিশ সকার ফেডারেশন এবার বেঁকেই বসলো। লা লিগা অবশ্য বিবৃতিতে আরও জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। যাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো সপ্তাহান্তের বাইরেও আয়োজন করা যায়।

ভাগ