চৌগাছায় সড়ক দুর্ঘটনায় পঙ্গু শফিকুলের সাহায্যের আকুতি

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যে কোন দুর্ঘটনা, একটি পরিবারের জন্য কান্না। অতীব এ সত্যটি শফিকুল ইসলাম (৩৫) এর ক্ষেত্রেও ঘটেছে। টগবগে এই যুবক পঙ্গুত্ববরণ করে আজ দ্বারে দ্বারে ঘুরছেন। মাত্র এক লাখ টাকা হলে আর একটি অপারেশন হতো, তাতে তিনি কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করছেন। কিন্তু টাকার অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। পঙ্গু শফিকুল ইসলাম চৌগাছা উপজেলার টেংগুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পেশায় একজন হোটেল বয়। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত হোটেলে পরিশ্রম করে যা রোজগার করতেন তাতেই চলতো শফিকুলের ৪ সদস্যের সংসার। কিন্তু একটি দুর্ঘটনা তার জীবনের সবকিছুই যেন এলোমেলো করে দিয়েছে। বর্তমানে তিনি স্ত্রী সন্তানের মুখে দু’বেলা দু’মুঠো খাবার ঠিকমত তুলে দিতে পারছেন না। তার ওপর রয়েছে নিজের চিকিৎসা ব্যয়।
আবেগজড়িত কণ্ঠে শফিকুল ইসলাম বলেন, ২০১৮ সালের ২৪ এপ্রিল বেলা ১১ টার দিকে তিনি চৌগাছা বাজার থেকে জ¦ালানি কাঠ কিনে ভ্যানে চড়ে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মৃধাপাড়া মহিলা কলেজের সামনে তারনিবাস সড়কে আরএফএল কোম্পানির পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে ওই খুঁটি ভেঙ্গে শফিকুলের ভ্যানের ওপর আছড়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ও খুঁটিতে থাকা বড় ধরনের দু’টি ট্রান্সফরমারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা এবং পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ চিকিৎসার পর হাসপাতাল ছেড়ে তিনি ডা. হিমাদ্রি সাহা, ডা. মোহাম্মদ আলীসহ কয়েকজন ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করেন। ডান পায়ে একাধিকবার অস্ত্রপচারও করা হয়েছে। এখনও পায়ে বেশ কয়েকটি রড আছে। তিনি জানান, চিকিৎসায় এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এর মধ্যে আরএফএল কোম্পানি চিকিৎসার জন্য প্রদান করে ৪৮ হাজার টাকা। বাকি টাকা তিনি ধারদেনা করে সংগ্রহ করেন। চিকিৎসকরা বলছেন, এখনও তার একটি অপারেশন করতে হবে, দরকার এক লাখ টাকা। কিন্তু কোথায় পাবেন এতো টাকা? বর্তমানে তিনি স্কুলপড়–য়া ছোট দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে চরম কষ্টে দিন পার করছেন। সুন্দর এই পৃথিবীতে একটু ভালভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন শফিকুল। এজন্য তিনি বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। সাহায্যের জন্য তার মোবাইল ফোনে (০১৭৯৬৭৭৭৩৮৫) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে ।

ভাগ