কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে এক হতদরিদ্র কৃষকের ১৫ শতক জমির ধরন্ত করলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা ক্ষেতের করলা গাছ কেটে দেয়। ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লা গ্রামের মাঠে বিকাশ বিশ^াসের আবাদি করলার জমিতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত সতীশ বিশ^াসের ছেলে।
কৃষক বিকাশ বিশ^াস জানান, ১৫ শতক জমিতে ঋণ নিয়ে তিনি করলা চাষ করেছিলেন। গাছে বেশ করলাও ধরেছিল। মঙ্গলবার সকালে নিজের জমির করলা গাছ কাটা দেখেন তিনি। এখন কি করে সারাবছর সংসার চালাবেন সেই দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। আর কি করেই বা এনজিওর টাকাসহ ধারদেনা পরিশোধ করবেন এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কৃষক বিকাশ বিশ্বাস। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, ক্ষেতের করলা কাটার ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। গত শনিবার উপজেলার ষাটবাড়িয়া গ্রামের বাপ্পি মোল্লা নামের এক হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা। এদিকে উপজেলায় ফসলের ক্ষেত কেটে দেয়া দুর্বৃত্তদের আইনের আওতায় না আনায় দিনদিন এ ঘটনা বেড়েই চলেছে বলে মনে করেন স্থানীয়রা।





