পাইকগাছার গোপালপুর শ্রমজীবী সমিতির সভাপতি কারাগারে

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ সমিতির সদস্যদের টাকা আত্মসাৎ করা মামলায় খুলনার পাইকগাছার গোপালপুর শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি এখন জেলহাজতে। সমিতির সদস্য আবু তালেবের জমাকৃত ৮২ হাজার টাকা আত্মসাৎ মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোপালপুরে ২০ জন সদস্য নিয়ে গোপালপুর শ্রমজীবী সমবায় সমিতি গড়ে তোলা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর- ২০৯/কে। প্রতিষ্ঠার পর থেকে সভাপতি মো. আব্দুল আজিজ দফাদার এককভাবে সবকিছু পরিচালনা করেন। তিনি অধিক লাভের লোভ দেখিয়ে শেয়ার ৬০ হাজার, সঞ্চয় বাবদ ২ হাজার টাকা জমা নেয়। দু’বছরে ২০ হাজার টাকা লাভ দেয়ার কথা। ১নম্বর সাক্ষী আজগর সরদারের কাছ থেকেও ১ লাখ ২ হাজার ৯৭৫ টাকা নিয়েছেন বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে। প্রায় প্রত্যেক সদস্যদের কাছ থেকে এভাবে টাকা আদায় করে দীর্ঘদিন ধরে সভাপতি পলাতক ছিলেন। বিভিন্নভাবে যোগাযোগ করে টাকার তাগাদা দিলে তিনি টালবাহানা করে আসছিলেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে গত ২৬ আগস্ট আবু তালেব পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আসামি আব্দুল আজিজ দফাদার মঙ্গলবার আদালতে জামিন প্রার্থনা করেন। দু’পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক পলাশ কুমার দালাল আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী রেখা বিশ্বাস জানান।

ভাগ