তেল, করোনা টিকা নিয়ে টেলিসংলাপে বাদশা সালমান ও পুতিন

লোকসমাজ ডেস্ক॥ তেল উৎপাদনের অংশীদারিত্ব ও করোনা ভাইরাসের টিকা উৎপাদন নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন সৌদি আরবের বাদশা সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ সময়ে তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার ওপর জোর দেন। বিশেষ করে তেল উৎপাদনকারী জোট ওপেক+ জোটের মধ্যে তাদের অংশীদারিত্বের ওপর জোর দেয়া হয়। এনইওএম এবং মস্কোর মধ্যে নতুন মেগা উন্নয়ন প্রকল্প নিয়ে টেলিফোনে কথা বলেন তারা। এ ছাড়া দুই দেশের সরকার প্রধান দু’মাসের মধ্যে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের অধীনে কাজ করা এবং রাশিয়া যে করোনা ভাইরাসের টিকা তৈরি করেছে তা নিয়েও তারা আলোচনা করেন। সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাদশা সালমান। একই সঙ্গে তিনি ওপেকে রাশিয়ান ফেডারেশনের স্থিতিশীলতা অর্জনে গঠনমুলক ভূমিকার ওপর গুরুত্ব দেন।
গুরুত্ব দেন তেলের বাজারে ভারসাম্যের ওপর।
অন্যদিকে জ্বালানিখাতে সৌদি আরবের সহযোগিতাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন পুতিন। তেলের বাজার নতুন করে চাপের মুখে পড়ায় এই দুই নেতা এমন আলোচনা করলেন। গত চার মাসে এ নিয়ে অনেক দেনদরবার হয়েছে। ওপেকে সবচেয়ে বড় দুই তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম নেমে আসে ৪২ ডলারের নিচে। সম্প্রতি এর ভাল দাম উঠেছিল। তা ছিল ব্যারেলপ্রতি ৪৬ ডলারের ওপরে। টেলিফোন সংলাপে করোনা ভাইরাসের টিকা নিয়ে দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন পুতিন। উল্লেখ্য, রাশিয়ার দাবি অনুযায়ী, তারা বিশ্বে করোনা ভাইরাসের টিকা স্পুটনিক-ভি প্রথম তৈরি করেছে। সেই টিকা সরকারি পর্যায় থেকে অনুমোদন দেয়া হয়েছে। রাশিয়ায় তা মানুষের ওপর ব্যাপক হারে পরীক্ষা চালানোর জন্য গুরুত্বপূর্ণ ধাপের কাজ সৌদি আরবের অংশীদারিত্বে করছে রাশিয়া। এরই মধ্যে এই টিকা প্রয়োগ করা হচ্ছে রাশিয়ায়। তাতে ভাল ফল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে বৃটিশ অভিজাত বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যানচেটে। তাতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি। যদিও রাশিয়ার এই টিকা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ রয়েছে, তবুও এর ব্যাপকহারে মানুষের ওপর পরীক্ষা চালানো হবে ৫টি দেশে। তার মধ্যে অন্যতম সৌদি আরব। মস্কোর গামালেয়া ইন্সটিটিউট এই টিকা তৈরি করেছে। এ নিয়ে রাশিয়া ও সৌদি আরবের বিজ্ঞানীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে।

ভাগ