লোকসমাজ ডেস্ক॥ কার্লো আনচেলত্তির সঙ্গে হামেস রদ্রিগেজের সম্পর্কটা কতটা গভীর তা টের পাওয়া গেলো আবারও। নিজের কাছে রাখতে শিষ্য হামেস রদ্রিগেজকে এবার রিয়াল মাদ্রিদ থেকে এভারটনে নিয়ে এসেছেন। কলম্বিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার ইংলিশ ক্লাবে যোগ দিয়েছেন দুই বছরের চুক্তিতে। চুক্তির ফলে ট্রান্সফার ফি হিসেবে ২৫ মিলিয়ন ইউরো পাবে লস ব্লাঙ্কোসরা। চুক্তিটি আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার পরই কলম্বিয়ান তারকাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তখন কোচ আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদেই দারুণ সময় কেটেছে তার। যদিও গুরুর ক্লাব ছেড়ে যাওয়ার পর আর সেভাবে সুযোগ মেলেনি। ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচদের কাছে মিডফিল্ডে জায়গা হারিয়ে ফেলেছিলেন।তবে আনচেলত্তির সঙ্গে সম্পর্কটা এর পরেও অটুট ছিল তার। যখন বায়ার্ন মিউনিখে আনচেলত্তি কোচ ছিলেন, তখন রদ্রিগেজকে সেখানেও ধারে নিয়ে গিয়েছিলেন দুই মৌসুমের জন্য। আনচেলত্তি বায়ার্ন ছাড়লে নিকো কোভাচের অধীনে রদ্রিগেজের দ্বিতীয় মৌসুমটা ছিল হতাশাজনক। তাই বাধ্য হয়ে রদ্রিগেজ আবার রিয়ালে ফিরলেও সেখানে জিদানের কাছে প্রায় ব্রাত্যই থাকতে হয় আগের মতো। গত মৌসুমে মাত্র ১৪টি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। রদ্রিগেজ অবশ্য এই কারণেই এই গ্রীষ্মে বার্নাব্যু ছাড়তে চাচ্ছিলেন। রিয়াল মাদ্রিদও তাতে রাজি ছিল বলে তাকে প্রাক মৌসুম অনুশীলন মিস করতে অনুমতি দিয়ে রেখেছিল। তাই নতুন চুক্তিতে খুব বেশি উচ্ছ্বসিতই দেখা গেলো ২৯ বছর বয়সী রদ্রিগেজকে, ‘আমি সত্যি, ভীষণ আনন্দিত। এমন অসাধারণ একটি ক্লাব, যাদের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে। এছাড়া এমন একজন কোচও এখানে রয়েছেন, যিনি আমাকে খুব ভালো করেই জানেন। তাই ক্লাবটির হয়ে অসাধারণ কিছু অর্জন করতে মুখিয়ে আছি।’





