স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্ত হয়ে সখিনা খাতুন (৪০) ও মমতা রানী সাহা (৮৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, গৃহবধূ সখিনা করোনা উপসর্গ নিয়ে শৈলকুপা হাসপাতাল ও মমতা রানী ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি ছিলেন। রবিবার সকালে গৃহবধূর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যালে রেফার্ড করা হয়। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে বৃদ্ধার মৃত্যু হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত মৃত দুই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটি দাফন ও সৎকার করেছে।





