মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে ৭ বছরের শিশু কন্যাকে রেখে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যুবকের হাত ধরে পালিয়েছে এক প্রবাসীর স্ত্রী। উপজেলার নাটিমা ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাসুর ৬জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় অভিযোগ দিয়েছেন। জানা গেছে, ওই গ্রামের মৃত নুরুল ইসলাম মালিতার ছেলে প্রবাসী আবু কালামের স্ত্রী ফাতেমা খাতুন (২৬) একই গ্রামের মৃত নুর হকের ছেলে বাহার আলীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রবাসী আবু কালামের বড় ভাই বিপ্লব হোসেন জানান, তার ভাই বাড়ি নির্মাণের জন্য ৮ লাখ টাকা তার ছোট ভাইয়ের স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন। ওই টাকাসহ দামি মোবাইল ফোন সেট ও ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কর নিয়ে প্রেমিক বাহার আলীর হাত ধরে পালিয়ে যান। ঘরে রেখে যান শিশু কন্যা জুই খাতুনকে(৭)। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নরোত্তম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে।




