এবার থামুন, সরকারকে গয়েশ্বর

0

লোকসমাজ ডেস্ক॥ সদরঘাট-কেরানীগঞ্জ পারাপারে ১০০ বছরের অধিক পুরনো গুদারাঘাটটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, এবার থামুন। কেরানীগঞ্জবাসীর সুবিধা-অসুবিধার কথা ভাবুন, নিম্ন আয়ের মানুষের কথা ভাবুন। জনগণের কাতারে আসুন।’
রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘সদরঘাট-কেরানীগঞ্জ গুদারাঘাট বন্ধের ফলে এখানে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো বেকার হয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসে যাবেন। বহু গার্মেন্টকর্মী, নিম্ন আয়ের মানুষ এই নৌকায় পারাপার করেন। কেরানীগঞ্জের ব্যবসায়ীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একে তো কোভিড-১৯ এর প্রভাবে মানুষ চরমভাবে আর্থিক অনটনের মধ্যে বাস করছেন। এর মধ্যে সদরঘাট-কেরানীগঞ্জ গুদারাঘাট বন্ধ করার সিদ্ধান্ত কেরানীগঞ্জবাসীর জন্য মরার ওপর খাঁড়ার ঘা।’ গয়েশ্বর বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছে বর্তমান শেখ হাসিনা সরকার। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে, আইনের শাসন দলীয় শাসনে পরিণত করেছে। এই আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতিকেই মূল রাজনীতি হিসেব বেছে নিয়েছে। তাই তারা জনগণের বাঁচা-মরা, সুবিধা-অসুবিধার দিকে না তাকিয়ে নিজের স্বার্থের দিকেই বেশি নজর দিচ্ছে।’ তিনি বলেন, ‘সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, এবার থামুন। কেরানীগঞ্জবাসীর সুবিধা-অসুবিধার কথা ভাবুন, নিম্ন আয়ের মানুষের কথা ভাবুন। কোভিড-১৯ এ বিপর্যস্ত মানুষগুলোর দিকে তাকিয়ে অবিলম্বে সদরঘাট-কেরানীগঞ্জ গুদারাঘাট খুলে দিন। জনগণের কাতারে আসুন।’