চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ জিফাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জিফাত উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের মাঝপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চৌগাছা থানার এসআই রাজেশ ও এএসআই ইব্রাহিমের নেতৃত্বে শহরের আলিয়া মাদরাসা এলাকায় মুরগি বাজারে অভিযান চালানো হয়। এ সময় জিফাত হোসেনকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, এ ব্যাপারে চৌগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক যুবককে আদালতে সোপর্দ করা হবে।





