বিএম আসাদ ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার উলাকোল গ্রামে গতকাল সকালে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে নাহিদ হাসান নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি পাওয়ার টিলারে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। শিশু নাহিদ হাসান উলাকোল গ্রামের নাজমুল হোসেনের পুত্র। নাজমুল হোসেন জানিয়েছেন, তার ছেলে গতকাল সকাল ৯টার দিকে একটি দোকান থেকে মিষ্টি কিনে বাড়ি ফিরছিল। এ সময় পাশের গ্রাম রাজাপুরের হানেফ আলী পাওয়ার টিলার নিয়ে যাওয়ার পথে শিশু নাহিদ হাসানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাহিদ হাসানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উলাকোল গ্রামে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল হতে লাশ বাড়িতে নিয়ে যাবার পর এলাকার শত শত মানুষ তাকে দেখতে ভিড় জমান।




