স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের মনির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক দুই ডাকাত শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন। ওই দুই ডাকাত হচ্ছেন, বাহার আলী তরফদার ও শফিকুল ইসলাম ওরফে রেজাউল ওরফে গুড্ডু। উল্লেখ্য, গত ২২ আগস্ট দিবাগত রাতে পলাশী গ্রামের মফিজ পাটোয়ারীর ছেলে মনির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সেখান থেকে টাকা ও সোনার অলঙ্কারসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত ৩১ আগস্ট ভোরে ডিবি পুলিশ ওই ডাকাতির সাথে জড়িত কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদার ও শফিকুল ইসলাম ওরফে রেজাউল ওরফে গুড্ডুকে শার্শা থেকে আটক করে।





