স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর জেলার ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ইউএনওদের নিরাপত্তায় বৃহস্পতিবার বিকাল থেকে তাদের সরকারি বাসভবনে চারজন করে মোট ৩২ জন আনসার সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছে।। যশোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান জানান, ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আট উপজেলায় ৩২ জন আনসার সদস্যকে নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার আনসার সদস্যরা নিরস্ত্র অবস্থায় থাকলেও শুক্রবার থেকে তাদের হাতে অস্ত্র দেয়া হয়েছে। নিয়োগ হওয়া আনসার সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি সম্পর্কে অভয়নগর উপজেলা আনসার-ভিডিপি অফিসার মো. আজিজুল ইসলাম বলেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে চারজন আনসার অস্ত্রসহ মোতায়েন রয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন জানান, বৃহস্পতিবার থেকে তার সরকারি বাসভবনে চারজন আনসার দেয়া হয়েছে। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।





