কালীগঞ্জে ১০ দিনে উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী, ৭ জনের নামে বাবার মামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে এক স্কুলছাত্রী অপহরণের ১০ দিন পরেও উদ্ধার হয়নি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ৭ জনের নাম উল্লেখ করে বুধবার কালীগঞ্জ থানায় মামলা করেছেন। অপহৃত ছাত্রীর বাবা কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের খায়রুল ইসলাম এজাহারে উল্লেখ করেছেন, গত ২৫ আগস্ট সকালে তার মেয়ে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তির টাকা আনতে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরদিন তিনি একটি জিডি করেন। পরবর্তীতে তারা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১ টার দিকে শহরের মুসলিম বেকারির সামনে থেকে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। একদল অপহরণকারী তার মেয়েকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা খায়রুল ইসলাম ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অপহরণ মামলা করেন। এদিকে গত ১০ দিনেও অপহৃত ওই ছাত্রী উদ্ধার না হওয়াতে তাকে খুন, গুম বা পাচার করা হতে পারে আশঙ্কায় তার পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, নিখোজের পরদিন ছাত্রীর অভিভাবক থানায় একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৬ জনের নামে থানায় একটি এজাহার দায়ের করেন। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ভাগ