শ্যামনগর(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সুন্দরবন সিনেমা হলের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমানের বাড়ি মঠবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী কোহিনুর রহমান জানান, কালিগঞ্জ হতে মোটরসাইকেলে শ্যামনগরে আসার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আনিছুর রহমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।





