খুলনা সংবাদদাতা॥ খুলনায় সাংবাদিক পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান জানান, গত ১ সেপ্টেম্বর খুলনা মহানগর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মো. শাহীদুল ইসলাম শুনানি শেষে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলার পাঁচ আসামি অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা চেয়েছেন বলে ওই ব্যবসায়ী জানান। আসামিরা হলেন-তানজীর, আলামিন, উদয়, মোতালেব ও হাসান। মামলায় এদের প্রত্যেকের নামের পাশাপাশি ব্যবসায়ীর কাছে মুঠোফোনে চাঁদা দাবি করা মোবাইল নম্বরটিও উল্লেখ করা হয়। এছাড়া আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যবসায়ীকে নিয়ে কুৎসা ও মানহানিকর প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। বাদী মেসার্স শাওন ট্রেডার্সের মালিক আব্দুল জলিলের অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট থেকে বাদীর মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে ফোন আসে। তার সঙ্গে নানা ধরণের অবান্তর কথাবার্তা বলে ওই ব্যক্তিরা। ২৫ আগস্ট বাদীর বাড়িতে ও ২৮ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে যায় সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা। এ সময় তারা ব্যবসায়ীর ম্যানেজারের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে আসে এবং বলে মালিককে ফোন দিয়ে কথা বলতে। এছাড়া তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও মামলায় উল্লেখ করা হয়।





