১০০ মিলিয়ন ইউরোতেও বিক্রি হতে পারেন মেসি

লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসিকে ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। যদিও বুধবার আর্জেন্টাইন তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে আলোচনায় সমঝোতা আসেনি। মেসির বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ছেলে ন্যু ক্যাম্পে থাকবে না। এই অবস্থায় বার্সেলোনা নাকি ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের শর্ত থেকে সরে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর, ১০০ মিলিয়ন ইউরোতেও তারা বিক্রি করে দিতে পারে মেসিকে।
শুরুতে মেসির সঙ্গে সরাসরি আলোচনায় বসার কথা ছিল বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের। পরবর্তীতে তার বাবাকে আর্জেন্টিনাকে থেকে উড়িয়ে আনা হয়। উদ্দেশ্য, বুঝিয়ে যেন মেসিকে রাখা যায় ন্যু ক্যাম্পে। কিন্তু বার্তোমেউয়ের সঙ্গে আলোচনায় বসার আগেই হোর্হে মেসি সংবাদমাধ্যমকে জানিয়ে গিয়েছিলেন, তার ছেলের বার্সেলোনায় থাকা ‘কঠিন’। একই কথা তিনি বলেছেন বার্সা সভাপতির সঙ্গে বৈঠকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, মেসি সিনিয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার ছেলে বার্সেলোনায় থাকবে না। মেসির বাবা কথাটা জোর গলায় বলে আসায় এখন নাকি অনেকটাই নমনীয় বার্সেলোনা কর্তৃপক্ষ। টেলিগ্রাফ ছেপেছে, মেসি-বার্সা ট্রান্সফার লড়াইয়ের সঙ্গে জড়িত সূত্রের দাবি, বার্সেলোনা বাইআউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরোর অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা ১০০ মিলিয়ন ইউরোর ‘পরিমিত’ অর্থে বিক্রি করার চিন্তা-ভাবনা করছে মেসিকে।
গত সপ্তাহে বুরোফ্যাক্সের মাধ্যমে মেসি ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানান বার্সেলোনা কর্তৃপক্ষকে। ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে তার চুক্তি। এবারের দফায় তিন বছরের চুক্তি করার সময় একটি শর্ত রেখেছিলেন তিনি। চাইলে প্রত্যেক মৌসুম শেষে ফ্রি টান্সফারে তিনি ন্যু ক্যাম্প ছাড়তে পারবেন। এবারের মৌসুমে সেই সময় শেষ হয়েছে গত ১ জুন। কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়ের দাবি, করোনাভাইরাসের কারণে মৌসুম লম্বা হওয়ায় তিনি ফ্রি ট্রান্সফারেই ছাড়তে পারবেন বার্সেলোনা। যদিও বার্সেলোনা বলছে, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন মেসি।এই অবস্থায় মেসির বাবার সঙ্গে আলোচনায় বসেও সমাঝোতায় আসতে পারেনি বার্সেলোনা। তাই আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও দেখা দিয়েছে। যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বার্সেলোনা আদালতে যেতে চাইছে না। আবারও হয়তো আলোচনায় বসবে হোর্হে মেসির সঙ্গে।
টেলিগ্রাফের খবরও একই, মেসির দল ছাড়ার ঘটনা আদালত পর্যন্ত নিতে চায় না বার্সেলোনা। মেসির বাবাকে বোঝাতে না পারায় ১০০ মিলিয়ন ইউরোতেই ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে ছেড়ে দিতে চাইছে তারা। দুই বছর আগে যে অঙ্কে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির সম্ভাব্য ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটির নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। একদিন আগে স্কটিশ সংবাদমাধ্যম ডেইলি রেকর্ডের খবর ছিল, ইংলিশ ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মেসি। ক্লাবটির মালিকানা প্র্রতিষ্ঠান সিটি ফুটবল গ্রুপের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবেন ৭০০ মিলিয়ন ইউরো। চুক্তিতে তিন বছর ম্যান সিটি ও দুই বছর আর্জেন্টাইন অধিনায়ক খেলবেন মেজর লিগ সকারের দল নিউইয়র্ক সিটি এফসিতে।

ভাগ