স্টাফ রিপোর্টার॥ বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া সীমান্তের একটি মাঠ থেকে পরিত্যক্ত ৪৪৪ বোতল ফেনসিডিল ও আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে দেড় কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে একজন নারী মাদক কারবারিে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলের চালান আটক করা হয়। আটক নারী বেনাপোলের ভবেরবেড় গ্রামের রুহুল আমিনের স্ত্রী। বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সদস্য নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দেহের সাথে বাধাঁ অবস্থায় দেড় কেজি ভারতীয় গাঁজাসহ মনোয়ারাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।





