হিলিতে কাঁচামরিচের কেজি নামল ১২০ টাকায়

লোকসমাজ ডেস্ক॥ টানা বৃষ্টি ও বন্যার কারণে আমদানি ও সরবরাহ ব্যাহত হয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছিল। তবে গতকাল পণ্যটির দাম কমে এসেছে। এ সময় পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম কমে সর্বনিম্ন ১২০ টাকায় নেমেছে। মূলত আমদানি আগের তুলনায় বেড়ে যাওয়ার জের ধরে হিলির বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ১২০-১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তিনদিন আগেও ট্রাকসেলে আমদানি করা এসব কাঁচামরিচ মানভেদে ১৬০-১৬৫ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে তিনদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি আগের তুলনায় বেড়েছে। সেই তুলনায় বাড়েনি পণ্যটির বেচাকেনা। ফলে চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ বেশি রয়েছে। মূলত এ কারণে হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গতকাল একদিনে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোট-বড় মিলিয়ে ৩৪টি ট্রাকে মোট ২৪২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আগামী দিনগুলোতেও এ স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি এমন চাঙ্গা থাকতে পারে।
স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, এবার দেশে বৃষ্টিপাত বেশি হওয়ায় ও বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রেখে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানির উদ্যোগ নেয়া হয়। এতে পণ্যটির দাম সাময়িক কমে আসে। তবে কিছুদিন ধরে আমদানি বিঘ্নিত হওয়ায় কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছিল। এখন আমদানি বাড়তে থাকায় দাম কমছে কাঁচামরিচের। মাত্র তিনদিনে পণ্যটির দাম কেজিতে ৪০ টাকা কমেছে।

ভাগ