সিনহা হত্যা মামলাওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

0

লোকসমাজ ডেস্ক॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত দল। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
জিজ্ঞাসাবাদে ওসির প্রদীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ওসি প্রদীপের সঙ্গে কথা বলেছি। তার দেওয়া তথ্য এবং আগে পাওয়া তথ্যগুলো আমরা বিশ্লেষণ করছি। আশা করছি, সরকারের দেওয়া সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে পারবো।’ এর আগে সিনহা হত্যার তদন্ত সংস্থা র‌্যাব বিভিন্ন সময় ওসি প্রদীপকে ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কারণে তার সাক্ষাৎ পাননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ। এ ঘটনায় আত্মসমর্পণের পর ৬ আগস্ট ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালসহ সাত পুলিশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরও সাত দিনের রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই চার দিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরও চার দিনের আবেদন করা হলে ২৮ আগস্ট আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।