ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে এক এনজিও’র বিরুদ্ধে গ্রাহকদের সাথে প্রতারণা, হয়রানি ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা যায় ‘নবলোক পরিষদ সঞ্চয় ও ঋণদান সমিতি’র চুকনগর শাখা থেকে ২০ আগস্ট ২০১৯ তারিখে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আব্দুল মান্নান গাজী। সে অনুযায়ী প্রতি মাসে কিস্তি পরিশোধ করে আসছেন তিনি। এ অবস্থায়, করোনা পরিস্থিতি শুরু হলে ২/৩ মাস ঠিকমত কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি আব্দুল মান্নান। একপর্যায়ে এনজিও কর্তৃপক্ষ তাকে জানায়, বকেয়া টাকা পরিশোধ করলে তাকে পুনরায় ৬০ হাজার টাকা ঋণ দেয়া হবে। এ পরিস্থিতিতে তিনি বহু কষ্টে বকেয়া তিন কিস্তির টাকা পরিশোধ করে ঋণের আবেদন করেন। কিন্তু এনজিও কর্তৃপক্ষ তাকে আর ঋণ দেয়নি। গত ১৬ আগস্ট আব্দুল মান্নান ও তার ভাই আব্দুর রহমানকে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বসিয়ে রেখে তাদের ফিরিয়ে দেয় এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে ভাল হবে না বলেও হুমকি দেয়। উপায়ন্ত না দেখে আব্দুল মান্নান ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ওই এনজিও’র সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মো. মঈনুল হক এবং চুকনগর শাখার হিসাবরক্ষক এবিএম আজাদুর রহমান বলেন, ‘আব্দুল মান্নান ঋণ নিয়ে ঠিকমত কিস্তি পরিশোধ করেননি। তাছাড়া ১৬ তারিখে তারা দুইভাই অফিসে এসে অফিস স্টাফদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন। এ কারণে তাকে নতুন করে আর ঋণ দেয়া হয়নি। এদিকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অভিযোগের শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর উভয়পক্ষকে ডাকা হয়েছে বলে জানা গেছে।




