মধুমতিতে নিখোঁজ পুলিশ পুত্রের মরদেহ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নিখোঁজ হওয়া ছয়মাস বয়সী শিশু আনাসের মরদেহের সন্ধান মিলেছে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মঙ্গলবার সোয়া ১২ টার দিকে ইতনা এলাকায় মধুমতি নদীতে আনাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে। লোহাগড়া থানার এসআই মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে নিখোঁজের দুইদিন পর গত রবিবার (৩০ আগস্ট) মধুমতি নদীতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্যার লাশ মহিষাপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজের চারদিন পর শিশুর লাশের সন্ধ্যান মিললো।
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৫ টার দিকে নড়াইলের লোহাগড়ার কালনাঘাট এলাকা থেকে লোহাগড়ার চাঁচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান মোল্যা (২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয়মাস বয়সি শিশুপুত্র আনাসসহ ৬ জন নৌকাভ্রমণে মধুমতি নদীতে যান। সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি ফেরার জন্য রওনা হলে কালনাঘাটের কাছে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড স্রোত থাকায় দিশেহারা হয়ে পড়েন চালক। একপর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতি সেতুর নদীর মাঝের শিটপাইলের সাথে আঘাত লাগে। পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান শিশু পুত্রকে নিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ছিলেন। সজোরে ঢাক্কা লাগায় আবু মুসা শিশু পুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

ভাগ