স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিমান বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ লোকজনের সাথে প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে আটক একই বাহিনীর সাবেক কর্মচারীসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার এ সংক্রান্ত শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই আদালতে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আদালতে যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হচ্ছেন-খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বর্তমানে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা অহেদুজ্জামান (বিমান বাহিনীর সাবেক কর্মচারী) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাজিপাড়া গ্রামের মীর মনিরুল ইসলামের ছেলে মীর আশরাফুল ইসলাম । উল্লেখ্য, গত ২৮ আগস্ট সন্ধ্যায় যশোর বিমান বন্দরের চিলি স্পাইসি ফাস্টফুডের সামনে থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্রসহ আটক হন অহেদুজ্জামান। পরে একই স্থান থেকে আটক হয় তার সহযোগী মীর আশরাফুল ইসলাম। তাদের কাছ থেকে এ সময় দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর বিমান বাহিনীর ৩ প্রেভোস্ট ও নিরাপত্তা ইউনিটের ওয়ারেন্ট অফিসার সাহিনুর ইসলাম পরদিন ২৯ আগস্ট কোতয়ালি থানায় একটি মামলা করেন।





