মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে মৎস্য আহরণে বনবিভাগের দু’মাসের নিষেধাজ্ঞা গত সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। তাই উপকূলের জেলে পরিবারে শেষ মুহূর্তে মাছ আহরণে যাবার নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রজনন মৌসুমকে ঘিরে গত জুলাই ও আগস্ট মাস পর্যন্ত বনের অভ্যন্তরের জেলেদের নদী-খাল ও জলাভূমিতে প্রবেশ এবং সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ রাখা হয়েছিল। আর এতে চরম হতাশা আর দুরাবস্থার মধ্যে পড়েছিল সুন্দরবন উপকূলের প্রায় ৩০ হাজার জেলে পরিবার। এদিকে দু’মাস বন্ধ থাকার পর পুনরায় মাছ ধরার অনুমতিতে সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে পরিবারে স্বস্তি ফিরতে শুরু করেছে। উল্লেখ্য, প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে ছোট বড় মিলিয়ে ৪৫০টি নদী-খাল রয়েছে। বনাঞ্চলের এ জলাভূমির মধ্যে অভয়ারণ্য ঘোষিত ৩০টি খাল এবং ২৫ ফুটের কম প্রশস্ত খালে সারা বছরই মাছ ধরা নিষিদ্ধ থাকে। আর বাকি অংশের নদী-খাল ও জলাভূমিতে পারমিটধারী জেলেরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন।




