২০১৯-২০ অর্থবছরে পিডব্লিউসির আয় ৪ হাজার ৩০০ কোটি ডলার

লোকসমাজ ডেস্ক॥ বৈশ্বিক অডিট, ট্যাক্স এবং অ্যাডভাইজারি নেটওয়ার্ক সংগঠন প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) ২০১৯-২০২০ জুন সমাপ্ত বছরে বিশ্বব্যাপী ৪ হাজার ৩০০ কোটি ডলার আয় করেছে। যা ২০১৮-১৯ অর্থ বছরের আয়ের চেয়ে এটি তিন শতাংশ বেশি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে সোমবার এ তথ্য জানিয়েছে পিডব্লিউসি।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব সত্ত্বেও ৪ হাজার ৩০০ কোটি ডলার আয়ের তথ্য উল্লেখ করে পিডব্লিউসি জানিয়েছে, ২০১৮-২০১৯ সালে জুন সমাপ্ত বছরে এটি ছিল ৪ হাজার ২৪০ কোটি ডলার।
পিডব্লিউসি’র গ্লোবাল চেয়ারম্যান বব মরিৎজের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড -১৯ মহামারীটি যে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছিল তার সঙ্গে আমরা দ্রুত খাপ খাইয়ে নিয়েছি, কিন্তু পরের ১২ মাস এবং তারপরের সময় আরো কঠিন হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের অর্থনীতিবিদরা ভবিষ্যদ্বাণী করছেন যে, ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী অর্থনীতি ৫ দশমিক ৫ শতাংশ কমে যাবে এবং পরবর্তীতে বিভিন্ন দেশ বিভিন্ন হারে তাদের অর্থনীতি পুনরুদ্ধার করবে। তবে এটা পরিষ্কার যে, অর্থনৈতিক মন্দা আমাদের এবং আমাদের গ্রাহকদেরকে বিশ্বজুড়ে প্রভাবিত করবে।
প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বিশ্বের শীর্ষস্থানীয় পেশাদার অডিট, ট্যাক্স এবং অ্যাডভাইজারি নেটওয়ার্ক সংগঠন যার কার্যক্রম সারা বিশ্বের ১৫৭টি দেশের ৭৪২টি শহরে পরিচালিত হচ্ছে এবং ২লাখ ৭৬ হাজারের বেশি জনবল রয়েছে।

ভাগ