লোকসমাজ ডেস্ক॥ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দলের নিখোঁজ ও গুমের শিকার নেতাকর্মীদের বাসায়-বাসায় গিয়ে সমবেদনা ও সহযোগিতা করেছে বিএনপি। রবিবার (৩০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় নিখোঁজ ও খুনের শিকার নেতাকর্মীদের বাসায় যান দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে একটি সেমিনার আয়োজন করেছে বিএনপি। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান রবিবার এসব তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, রবিবার রাজধানীর বৃহত্তর সূত্রাপুর এলাকায় দলের গুমের শিকার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল, সম্রাট, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সেলিম রেজা পিন্টু, বংশালের জহির ও চঞ্চল, সোহেল, পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাসুদ রানা, ছাত্রদলের সাবেক নেতা ইসহাক সরকার বাসভবনে যান বিএনপির নেতারা। সেখানে তারা গুমের শিকার পরিবারের সঙ্গে মতবিনিময় করেন ও সমবেদনা জানান। এসব কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, দলের পররাষ্ট্র উইংয়ের সদস্য ইশরাক হোসেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অংশগ্রহণ করেন।
মিডিয়া উইং সূত্র জানায়, নিখোঁজ কমিশনার চৌধুরী আলমের বাসায় গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক এডভোকেট সালাম। এছাড়া, উত্তরা-দক্ষিণ খানের দলীয় কর্মী নূর হোসেন হিরো ও মিরপুর নুরে আলম ও শাহীনবাগের সাজ্জাদ হোসেন সুমনের বাসায় যান বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল, কফিল আহমেদ, এস এম জাহাঙ্গীর, আবদুল বাসিত আন্জু, আনোয়ার হোসেন, আমিনুল হক। শায়রুল কবির খান বলেন, ‘বিগত বেশ কয়েক বছর ধরে বিএনপির নিখোঁজ, গুম-খুনের শিকার নেতাকর্মীদের পাশে রয়েছে বিএনপি। প্রতিবছরই বিশেষ এই দিনে নিখোঁজ নেতাকর্মীদের পরিবার ও আত্মীস্বজনদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও সমবেদনা জানান দলের নেতারা।’





