স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনাভাইরাসে আরও ৩৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ সময় করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও মো. আরিফ হোসেন জানিয়েছেন, হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত আড়াইটার দিকে খোকন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিন দুপুরে করোনার উপসর্গ নিয়ে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খোকনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে। মৃত্যুর পর তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। খোকনের মৃত্যু নিয়ে হাসপাতাল আইসোলেশনে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে আরএমও ডা. মো. আরিফ হোসেন জানিয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গতকাল ১শ’ ২৯টি রিপোর্ট এসেছে। এর ভেতর ৩৭ জন কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর আগে রাতে খুলনা থেকে যে রিপোর্ট আসে তাতে আক্রান্ত হন ২ জন। মোট ৩৯ জন গতকাল যশোরে করোনায় আক্রান্ত হন। তবে গত ২৪ ঘন্টায় সিভিল সার্জন অফিসে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ জন উল্লেখ করা হয়েছে। ৮৩ জনের ভেতর ৪৪ জন আক্রান্তের সংখ্যা কাল দৈনিক লোসমাজে প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় যশোরে আক্রান্ত ৮৩ জনের ভেতর যশোর সদরে ৪৪ জন। এছাড়া অভয়নগর ও ঝিকরগাছায় ৮ জন করে ১৬ জন, কেশবপুর শার্শায় ৫ জন করে ১০ জন, চৌগাছায় এবং মনিরামপুরে ৩ জন করে ৬ জন ও বাঘারপাড়ায় ৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ যাবত যশোরে সর্বমোট ২ হাজার ৯শ’ ৭১ জন করোনায় আক্রন্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা দ্রুত ৩ হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর ভেতর ২৪ ঘন্টায় ৪৫ জন ও এ পর্যন্ত ১ হাজার ৭শ’ ৮১ জন সুস্থ হয়েছেন। ৪৮ জন হাসপাতালে এবং ১ হাজার ১শ’ ৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। মোট ৪৪ জন কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুবরণ করেছেন বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। গত সোমবার শহরের বারান্দীপাড়াস্থ অম্বিকা বসু লেনের বাসিন্দা কোভিড-১৯ এ আক্রান্ত আব্দুল বারী (৯০) নামে এক বৃদ্ধ মারা যান। ফলে মৃত্যুর মিছিল দিন দিন বেড়েই চলেছে। করোনা পরীক্ষায় গতকাল নতুন করে ২শ’ ৬টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।





