লোকসমাজ ডেস্ক॥ ভারতে গতকাল পেট্রলের দাম লিটারে ১৩ পয়সা বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৮৮ রুপি (ভারতীয় মুদ্রা) ছাড়িয়ে গেছে। গতকালের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে গত নয়দিনে ভারতে আটবার পেট্রলের দাম বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য ভারতে দাম বাড়ানো হয়েছে পেট্রলের। তবে পেট্রলের বাড়তে শুরু করলেও দেশটিতে ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইন্ডিয়া টুডে।
ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিদিনই পেট্রল ও ডিজেলের দাম পুনর্মূল্যায়ন করে। এ ধারাবাহিকতায় টানা পঞ্চম দিনের মতো গতকাল দেশটিতে পেট্রলের দাম বাড়ানো হয়েছে। রাজধানী দিল্লিতে এদিন প্রতি লিটার পেট্রল বিক্রি হয়েছে ৮১ দশমিক ৬২ রুপিতে। আর মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮৮ দশমিক ২৮ রুপিতে। দিল্লি ও মুম্বাই দুই শহরেই পেট্রলের দাম প্রতি লিটারে ১৩ পয়সা করে বেড়েছে। এ নিয়ে গত নয়দিনে আটবার জ্বালানি পণ্যটির দাম বাড়ানো হয়েছে।
তবে পেট্রলের দাম বাড়লেও ভারতের বাজারে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল দিল্লিতে প্রতি লিটার ডিজেল ৭৩ দশমিক ৫৬ রুপিতে বিক্রি হয়েছে। মুম্বাইয়ে জ্বালানি পণ্যটি বিক্রি হয়েছে লিটারপ্রতি ৮০ দশমিক ১১ রুপিতে।
গতকাল হায়দরাবাদে প্রতি লিটার পেট্রল বিক্রি হয়েছে ৮৪ দশমিক ৮৩ রুপিতে। এ সময় ডিজেল লিটারপ্রতি ৮০ দশমিক ১৭ রুপিতে বিক্রি হয়েছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে এদিন প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। শহরটিতে গতকাল প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ৭৮ দশমিক ৮৬ রুপিতে। এ দুই শহরেও পেট্রলের দাম বেড়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
জুনের শেষ ভাগ থেকে ভারতে পেট্রল ও ডিজেলের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। তবে আগস্টের মাঝামাঝি এসে দেশটিতে বাড়তে শুরু করেছে পেট্রলের দাম। ১৬ আগস্ট প্রথম পেট্রলের দাম বাড়তে শুরু করে। এর পর থেকে গতকাল অবধি ভারতের বাজারে জ্বালানি পণ্যটির দাম প্রতি লিটারে ১ রুপির বেশি বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্যবৃদ্ধি বলে জানান খাতসংশ্লিষ্টরা।
তবে গত ৩০ জুলাই দিল্লি সরকার ডিজেলের ওপর থেকে বিদ্যমান ১৩ দশমিক ২৫ শতাংশ ভ্যাট কমিয়ে এনেছে। ওই সময় দিল্লিতে জ্বালানি পণ্যটির দাম প্রতি লিটারে ৮ দশমিক ৩৬ রুপি কমে এসেছিল। মূলত এর জের ধরে বর্তমানে ভারতের রাজধানীতে পেট্রলের দাম বাড়লেও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে।





