ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের মহসেন জুটমিল শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্রাচুইটিসহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। রোববার রাত ৯ টায় মন্ত্রীর রেলিগেটস্থ নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ১ মাসের মধ্যে শ্রমিকদের চূড়ান্ত পাওনার সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত শ্রমিকরা শ্রম প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রম বান্ধব সরকার। মিল মালিকের নেওয়া সময় অনুযায়ী ২৬ আগস্টের পূর্বে তিনি শ্রমিকদের সকল কর্মসুচি প্রত্যাহারের অনুরোধ জানান। এ সময় শ্রমিকরা সোমবার ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে স্থগিত করেন। মিন্ত্রী আরো বলেন, মহসেন জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনার ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যদি মালিকপক্ষ পরিশোধ না করে তাহলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ সময় শ্রমিক-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিকলীগ নেতা শহিদুল্লাহ খা, সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , আমির মুন্সি, মিহির রঞ্জন বিশ্বাস, ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।




