চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। মৃত হানেফ জোয়ার্দ্দার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে বসবাস করে আসছিলেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাউলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান, এদিন সকালে হানেফ জোয়ার্দ্দার বাইসাইকেলে রেললাইনের পাশের রাস্তা ধরে জয়রামপুর বিলে মাছ ধরতে যাচ্ছিলেন। রেলস্টেশনের অদূরে কেটোপুল নামক স্থানে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ আন্তঃনগর কপোতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।





