দর্শনার্থীর হ্যান্ড স্যানিটাইজারে হাত দেয়া নিয়ে হাসপাতালে তুলকালাম

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগী দেখতে গিয়ে হ্যান্ড স্যানিটাইজারে হাত দেয়ার কারণে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক ‘ইন্টার্ন চিকিৎসকদের রোষানলে পড়েছেন। তারা তাকে লাঞ্ছিত করেই ক্ষ্যান্ত হননি। শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২য় তলায় সার্জারি (মডেল), ওয়ার্ডে চিকিৎসাধীন ছুরিকাহত সিরাজুল ইসলাম রাজু (৩৫) নামে এক রোগীকে দেখতে যান জাহিদুল ইসলাম নামে এক যুবক। তার বাড়ি শহরের বেজপাড়া বনানী রোড এলাকায়। সিরাজুল ইসলাম রাজুর বাড়ি ও বেজপাড়ায়। গত ২৩ আগস্ট রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজু গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সাথে দেখা করতে এসে জাহিদুল ইসলাম সার্জারি ওয়ার্ডের সেবিাদের টেবিলের উপর থাকা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হাতে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে উপস্থিত ইন্টার্ন চিকিৎসক আরাফাত। ডা. আরাফাত প্রশ্ন করেন কেন ওই স্যানিটাইজারে হাত দেয়া হলো। যুবক উত্তর দেন তাতে কি হয়েছে। এ নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকরা জড়ো হয়ে জাহিদুল ইসলামকে লাঞ্ছিত করেন। জাহিদুল ইসলামও মারমুখি হয়ে উঠলে ওয়ার্ডের দু’পাশের গেট তালাবদ্ধ করে তাকে আটকে দেয়া হয়। এরপর হাসপাতালে থাকা পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয় জাহিদুল ইসলামকে। পরে উপস্থিত লোকজনের অনুরোধে হাসপাতালের দু’আরএমও ডা. মো. আরিফ আহমেদ এবং ডা. মো. আব্দুস সামাদ ওই যুবককে পুলিশের কাছ থেকে নিয়ে ছেড়ে দেন। ঘটনার সময় ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটে যাওয়ার হুমকি দেন। এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসক পরিষদ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা. মাশরাফির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তেমন কিছু না।

ভাগ