স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় নমুনা প্রদানকারী মানুষের ভিড় বেড়েছে। সেই সাথে বেড়েছে তাদের ভোগান্তি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ভিড়ের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৮০ জন নমুনা দিয়েছে। তারা সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ‘ফু‘ কন্যারে আসেন। প্রথমে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে টাকা জমা দেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তাদের নমুনা নেয়ার কাজ শুরু হয়। নমুনা সংগ্রহের কাজ শেষ হয় বেলা ২টার দিকে। এভাবে ৫ থেকে ৬ ঘন্টা হাসপাতালে অপেক্ষা করতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে অসুস্থ। দীর্ঘ অপেক্ষার কারণে মানুষের ভিড় জমে যায় হাসপাতালের সামনে আমতলায়। যেখানে কোন শারীরিক দূরত্ব মানা হয় না। এ কারণে যাদের দেহে করোনা ভাইরাস নেই তাদেরও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে তহয়। এটা একদিনের দৃশ্য নয়। প্রতিদনই এমন পরিবেশের সৃষ্টি হয়ে থাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে। যে সমস্যার সমাধান দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ।
সমস্যাটি নিয়ে দৈনিক লোকসমাজে সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কোন উন্নতি হয়নি পরিবেশের। এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি তার সীমাবদ্ধতা নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, হাসপাতালে বিস্তৃত জায়গা নেই। জনবল সংকট রয়েছে। তারপর নমুনা প্রদানকারীদের ফরম পূরণ করতে অনেক সময় লেগে যায়। যাতে ফরমের সাথে নমুনার কোন গড়মিল না হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। সব ঠিকঠাক করেই সংগ্রহ করা হয় নমুনা। তাতে অনেক সময়ের প্রয়োজন হয়। তিনি আরও বলেন, নমুনা নিতে বেশি সময় লাগে না। নমুনা সংগ্রহের আগে প্রস্তুতি সম্পন্ন করতে দেরি হয়। এ অবস্থায় লোকজনের দুর্ভোগ হলে কিছু করার নেই। এ পরিস্থিতি মেনে নিয়েই আমাদের চলতে হবে।





