‘নয়্যার গোলকিপিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে’

লোকসমাজ ডেস্ক॥পর্তুগালের লিসবনে রোববার রাতে পিএসজিকে ১-০ ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপ সেরার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। আর এই ম্যাচে জার্মান ক্লাবটির অধিনায়ক ম্যানুয়েল নয়্যার দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। দুর্দান্ত কিছু সেইভে নিজেদের জাল রেখেছেন অক্ষত। পিএসজির স্ট্রাইকারদের হতাশা ডুবিয়ে বায়ার্ন শিবিরকে চাঙা করে তুলেছেন। যার ফলে এই জার্মান গোলরক্ষকের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন প্রতিপক্ষ কোচ থমাস টুখেলও।
পিএসজির ম্যানেজার জানিয়েছেন, তার দলে বর্তমানের অন্যতম সেরা গোলরক্ষক কেইলর নাভাস থাকলেও নয়্যার এই ম্যাচে ছিলেন সেরা ফর্মে। গোলকিপিংকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নয়্যার।
অবশ্য পিএসজি কোচের এমন মন্তব্যের সত্যতা প্রমাণ করেছিলেন নয়্যার। ম্যাচের ১৭ মিনিটে নেইমার বায়ার্ন গোলমুখে নয়্যারকে নাগমেট করে গোলের চেষ্টা চালান। কিন্তু এই জার্মান গোলরক্ষকের বিচক্ষণতায় ব্যর্থ হতে হয় নেইমারকে। এমনকি ফিরতি বলে আবার শট নিলে সেটিও ফিরিয়ে দেন নয়্যার। ম্যাচের ৪৫ মিনিটে ফাঁকায় বল পেয়ে এমবাপ্পে শট নিলে নয়্যারের বিশ্বস্ত হাতেই আটকে যায় বল। এমনকি ম্যাচের ৬৯ মিনিটে মার্কোনিয়াসের সামনে দেয়াল হয়ে দাঁড়ান নয়্যার। পিএসজির সেমিফাইনাল জয়ের নায়কের শট পা দিয়ে প্রতিহত করেন ৩৩ বছর বয়সী নয়্যার।
আর তাই পোস্ট ম্যাচ সাক্ষাৎকারে সাংবাদিকদের টুখেল বলেন, ‘আমাদের দলে কেইলর নাভাস আছে। তবে (পিএসজির জন্য) ভুল সময়ে নিজের সেরা ফর্ম দেখিয়েছে নয়্যার। সে গোলকিপিং অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। দূর্ভাগ্যবশত সেটা আমাদের বিপক্ষেই।’
নয়্যারকে পরাস্ত করতে না পারা মার্কোনিয়াস ফাইনাল হারের পর বলেন, ‘আমাদের শুধু জয়টাই এলো না। শুধু খেলার জন্যই ফাইনালে নামেন না আপনি, জেতার জন্য নামেন। কিন্তু আমরা সেটা পারিনি। তবে আমাদের দলের ওপর আমরা গর্বিত। কেউ আমাদের ওপর আস্থা দেখায়নি। তবে আমরা ধাপে ধাপে সামনে এগিয়েছি।’

ভাগ