নতুন মৌসুম নিয়ে মঙ্গলবার ফুটবলারদের সঙ্গে বসছে লিগ কমিটি

লোকসমাজ ডেস্ক॥ ক্লাবগুলোর কথা শুনেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। মঙ্গলবার শুনবে ফুটবলারদের কথা। দুই পক্ষের সঙ্গে আলোচনার পর নতুন মৌসুমের সূচি নির্ধারণ করতে জরুরি সভায় বসবে লিগ কমিটি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দলবদল শুরুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাফুফে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব থেকে ২ বা ৩ জন করে ফুটবলার নিয়ে আলোচনায় বসবে বাফুফে কর্মর্কতারা। মাঝপথে পরিত্যক্ত মৌসুমে ফুটবলারদের দেনা-পাওনা কি আছে তা শুনবে বাফুফে। তারপর তারা একটা গ্রহণযোগ্য সমাধান দেবে যাদে দুই পক্ষই কম ক্ষতিগ্রস্থ হয়।
এই প্রথম নতুন মৌসুম শুরুর আগে ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। কারণ, আগের মৌসুমটি করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত হওয়ায় ফুটবল ও ক্লাবগুলোর মধ্যে দেনা-পাওনার বড় হিসেবে এখনও ঝুলে আছে।
একটি মৌসুম হারিয়ে যাওয়ায় বাফুফে চাইছে নতুন মৌসুম একটু আগে শুরু করতে। ক্লাবগুলোও রাজি। কিন্তু সমস্যা তৈরি হয়েছে পরিত্যক্ত মৌসুমের ঝুলে থাকা ইস্যুগুলো নিয়ে। এ সমস্যাগুলো দূর করতেই বাফুফে ক্লাব ও ফুটবলারদের সঙ্গে এই আলোচনার উদ্যোগ নিয়েছে।

ভাগ