পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার গড়ইখালী আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রের দেড়শ পরিবার অমাবস্যার জোয়ারের পানিতে দুর্বিষহ জীবনযাপন করছে। শিশু সন্তানদের নিয়ে অভিভাবকরা আতঙ্কে বসবাস করছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার গড়ইখালী বাজারের নদীর তীরে আবাসন ও আশ্রয়ণ কেন্দ্র গড়ে ওঠে। সেখানে দেড়শ’ পরিবারের ৭ শতাধিক লোক ২০০২ সাল থেকে বসবাস করছেন। এর পাশেই অবস্থিত গড়ইখালী বাজার। এ বাজার ও গ্রাম রক্ষার জন্য ওই সময় শিবসা নদীর ধার দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়। ২০-২৫ দিন আগে ঐ রাস্তা কেটে উঁচু জায়গা দিয়ে প্রায় ১ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করায় বেশ কিছু বাথরুম ও ঘের ভেঙে ফেলা হয়েছে। রাস্তাটির নির্মাণ সম্পন্ন না হওয়ায় জোয়ারের পানি ভিতরে ঢুকে আবাসন ও আশ্রয়ণ কেন্দ্র এবং বাজার প্লাবিত হচ্ছে। আশ্রয়ণ কেন্দ্রের সভাপতি মহিদুল মোড়ল বলেন, জোয়ারের পানিতে আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রের ৩ টি পুকুর তলিয়ে ঘরবাড়ি তলিয়ে গেছে। ফলে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা ছোট ছেলে-মেয়েদের পানিতে ডুবে যাওয়ার আতঙ্কে রয়েছেন। স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু পরিকল্পিতভাবে পানি নামার পথটি বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান বলেন, লবণ পানি তোলার কারণে জনৈক বাবু গাইনের ব্যবহৃত ড্রেনের পাইপটি বন্ধ করায় তার লোকজন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, পুরাতন রাস্তা কেটে নতুন রাস্তা যেনতেনভাবে করায় জোয়ারের পানি আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রে ঢুকে প্লাবিত হচ্ছে। আওয়ামী লীগনেতা গাজী মিজানুর রহমান জানান, বাজার, আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রের পাশের রাস্তা আগে থেকেই সংকীর্ণভাবে তৈরি করায় ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে।





