চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক একজনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এস আই বজলুর রহমানের নেতৃত্বে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড উপজেলা পাড়ার শহর আলীর ছেলে মুন্না হোসেনের (২২) বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্না পালিয়ে যায়। এ সময় পুলিশ মুন্নার ঘরের খাটের নিচ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মুন্নাকে আসামি করে চৌগাছা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, আসামিকে ধরতে অভিযান চলছে। মাদক কারবারিদের চৌগাছার মাটিতে ঠাঁই হবে না।





