স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) আগামী নির্বাচনে সভাপতি পদে লড়বেন সাইফ স্পোর্টিং কাবের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। গতকাল শনিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল কাব অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় শেষে তিনি সাংবাদিকদের বলেন, তৃণমূলের ব্যাপক সমর্থনের কারণে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী নির্বাচনে আমি জয়ী হলে দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের উপর জোয়ার সৃষ্টির মাধ্যমে, বিশ্বে বাংলাদেশ ফুটবলকে নতুনভাবে পরিচয় করে দেয়ার লক্ষ্যে কাজ করবো। তৃণমূলের ফুটবলার সংগঠকদের কল্যাণেও কাজ করবো। তিনি নিজ জেলা যশোরে তার কাব সাইফ স্পোর্টিং কাবের হোম ভেন্যু করার আশ্বাস দেন। তিনি নির্বাচনে জয়ী হতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এর আগে প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সিরাজুদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও বাফুফের কাউন্সিলর শেখ মারুফ হোসেন, আব্দুল-আল-ফুয়াদ রেদোয়ান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদসহ খুলনা বিভাগের মধ্যে শুধুমাত্র যশোর ছাড়া সকল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দ।





