যশোরে দম্পতিকে পিটিয়ে আহত,যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর আশ্রম রোডে শুক্রবার সকালে প্রতিবেশী যুবকের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। তাদেরকে পিটিয়ে আহত করা হয়। অবশ্য পুলিশ আসাদুজ্জামান রিংকু নামে ওই হামলাকারী যুবককে পরে আটক করেছে। আহত দম্পতি হচ্ছেন-শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা সেলিম রেজা (৫৫) ও তার স্ত্রী কবিতা রেজা (৪৫)। অপরদিকে আটক আসাদুজ্জামান একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। ভুক্তভোগী সেলিম রেজার অভিযোগ, আসাদুজ্জামান রিংকু তাদের প্রতিবেশী। ওই যুবক কারণে অকারণে তাদের সাথে গোলাযোগ করে থাকেন। তার অত্যাচার নির্যাতনে তারা অতিষ্ঠ। শুক্রবার সকাল নয়টার দিকে লোহার রড হাতে নিয়ে আসাদুজ্জামান রিংকু তাদের বাড়িতে ঢুকে একইভাবে গালিগালাজ করতে থাকেন। এ সময় তার স্ত্রী কবিতা রেজা প্রতিবাদ করলে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এ দৃশ্য দেখে তিনি স্ত্রীকে রক্ষার জন্য ছুটে এলে আসাদুজ্জামান রিংকু তাকেও লোহার রড দিয়ে মারধর করেন। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে দুপুরে হামলাকারী আসাদুজ্জামান রিংকুকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন সেলিম রেজা।

ভাগ