শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার অধিকাংশ রাস্তার বেহালদশা। রাস্তাগুলোর ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সরেজমিন দেখা যায়, পৌর এলাকার কিছু রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলেও অধিকাংশের অবস্থা করুণ। এসব এলাকার বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে কোটচাঁদপুর রোডের বিহারী মোড়সহ পৌরসভার সামনের রাস্তা, কলেজ রোড, কলাহাটার মোড়, নলডাঙ্গা রোডের হাটচাঁদনীর সামনে, নিমতলা থেকে থানা রোড, ফয়রা গ্রামের মধ্য দিয়া হাসপাতাল রোড, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে বলিদাপাড়ার মধ্য দিয়ে হাসপাতাল রোড, ভূষন রোড থেকে নিশ্চিন্তপুরের মধ্য দিয়ে হাসপাতাল রোড, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ভূষন রোডের খালধার বাইপাস সড়ক, নলডাঙ্গা রোড থেকে কোলা রোডের লাটা স্ট্যান্ড পর্যন্ত বেশ কিছু রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খোদ ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেনের বাড়ির সামনের বিহারী মোড় থেকে দরগা রাস্তাটিও চলাচলের অযোগ্য। সেখানে সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে। মোক্তার হোসেন জানান, পৌরসভায় আর্থিক সঙ্কটের কারণে রাস্তার উন্নয়ন করা যাচ্ছে না। তিনি বলেন, পৌর মেয়র আশ্বাস দিয়েছেন দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে। আগামী এক বছরের মধ্যে পৌর এলাকার সব রাস্তার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ‘পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর অনেক উন্নয়নমূলক কাজ করেছি, সেগুলো এখন দৃশ্যমান। খুব শিগগিরই রাস্তাঘাটের কাজ শুরু করা হবে।’





