কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা শামছুদ্দীন আল মাসুদ বাবুসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের এক নারী সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তাদের বিরুদ্ধে একটি লিখিত পিটিশন দাখিল করেন। পিটিশনটি আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ।মামলার অন্য আসামিরা হলেন-কলারোয়ার মানিকনগর গ্রামের আজিবর রহমানের ছেলে আমিরুল ইসলাম (৩৫), একই গ্রামের বাবু সানার ছেলে আবু তালেব (৫০), কাদের গাজীর ছেলে মুস্তাজুল (৩০), বিলাত মোড়লের ছেলে শাহিনুর (৩২) ও মানিহার গাজীর ছেলে আলম গাজী(৩৫)।
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদিনীরা ৬ বোন। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ায় তারা ৪ বোন পিতার বাড়িতে থাকেন। গত ১৭ জুন রাত আটটার দিকে ওই আসামিরা তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে। এরপর তারা বাদিনীকে জাপটে ধরে একটি কক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক সালোয়ার-কামিজ ছিঁড়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে অন্য বোনেরা ছুটে আসলে তাদেরকে মারপিট করা হয়। তারা বাদিনীর পিতাকেও প্রহার করেন। এছাড়া আসামিরা একটি মোবাইল ফোন ও একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যান। কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন জানান, আদালত তাকে ওই পিটিশনটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক আগামী বুধবার বাদিনী ও আসামি পক্ষকে তার কার্যালয়ে আসার জন্য নোটিশ করা হয়েছে। ওই দিন উভয় পক্ষের শুনানি শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি জানান।





