পাইকগাছায় চালভর্তি ট্রাক পুকুরে

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় চালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার গজালিয়া গ্রামের মধ্যপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চালক রিপন জানান, সিলেট থেকে ২০ মেট্রিকটন চাল নিয়ে তিনি আশাশুনির বড়দল যাচ্ছিলেন। চালের মালিক বড়দল শিরুলার, হাজরাখালীর লুৎফর রহমান। আশাশুনির দিকে না গিয়ে পথ ভুলে পাইকগাছা পথে কয়রার দিকে চলে যান। গজালিয়ায় যাওয়ার পর চালক জানতে পারেন তিনি পথ ভুলে অন্য পথে চলে এসেছেন। গাড়ি ফিরিয়ে আবার পাইকগাছা হয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশভর্তি ট্রাককে সাইড দিতে গেলে ট্রাকটি (নম্বর যশোর-ট-১১-৪৬৭৭) দেলোয়ার মাস্টারের পুকুরে পড়ে যায়। চাল নসিমনে করে আশাশুনিতে নেয়ার চেষ্টা চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি পুকুর থেকে উঠানো সম্ভব হয়নি।

ভাগ