যৌন হয়রানির অভিযোগে প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রতিবন্ধী আব্বাস উদ্দীনকে (৪২) হাত-পা বেঁধে পিটিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। যৌন হয়রানির অভিযোগ এনে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। এ ঘটনায় প্রতিবন্ধীর বড় ভাই রিয়াজুল হক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে নাসির উদ্দীন ওরফে রাশিদুল ও হাফিজুর রহমানের ছেলে জামাল উদ্দীন।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের আবদুল কাদেরের প্রতিবন্ধী ছেলে আব্বাস উদ্দীনকে গত ১২ আগস্ট বিকেলে এলাকার পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিছু ব্যক্তি বাড়ির ভেতর থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। প্রথমে হাত-পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়। পরে গাছের সঙ্গে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রতিবন্ধীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী আব্বাস উদ্দীন জেলহাজতে রয়েছেন। এদিকে ঘটনার আট দিন পর প্রতিবন্ধী আব্বাস উদ্দীনের ১৪ বছরের ছেলে আবীর হাসান তার বাবাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় প্রতিবন্ধী আব্বাস উদ্দীনকে কয়েকজন গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছে। নির্যাতনের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধীর বড় ভাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, আব্বাস উদ্দীনের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কয়েকদিন আগে মামলা হয়েছে। নির্যাতনের ঘটনায়ও পৃথক আরেকটি মামলা আমরা গ্রহণ করেছি।

ভাগ