বার্সেলোনা-ভবিষ্যৎ অস্পষ্ট, কোম্যানকে বলে দিয়েছেন মেসি

লোকসমাজ ডেস্ক॥ ছুটি কাটাতে সপরিবারে স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পায়ারনিসে গিয়েছিলেন লিওনেল মেসি। আসলে প্রকৃতি আর নিসর্গের কাছে গিয়ে ৮-২ গোলে হারের যন্ত্রণাটা ভুলে থাকতে চেয়েছিলেন। কিন্তু সময় পেলেন না। ছুটি সংক্ষিপ্ত করে বৃহস্পতিবারই তাকে ফিরতে হয়েছে বার্সেলোনায়। তার সঙ্গে কথা বলবেন বলে যে অপেক্ষা করছিলেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান!
তা বৃহস্পতিবার বিকেলে কী কথা হলো কোম্যানের সঙ্গে? স্পেনের রেডিও স্টেশন আরএসি-১ বলেছে, মেসি ৫৭ বছর বয়সী ডাচ কোচকে জানিয়ে দিয়েছেন যে বার্সেলোনায় তার পরিষ্কার কোনও ভবিষ্যৎ দেখছেন না। দুজনের সাক্ষাৎপর্বে কোম্যান বার্সেলোনাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। যেখানে মেসি এখনও অপরিহার্য এবং তাকে কেন্দ্র করেই নতুন কোচ নতুন করে গড়ে তুলতে চান বার্সেলোনাকে। যে বার্সেলোনা ফিরে পাবে তার সর্বজয়ী চেহারা। তবে ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে আরএসি-১ জানতে পেরেছে যে মেসি কোম্যানের কথায় আশ্বস্ত হতে পারেননি। পরিষ্কার অসন্তোষ ব্যক্ত করেছেন, বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের হতাশা লুকোননি এবং এই হারের পর বাস্তব উপলব্ধিটাই তুলে ধরেছেন। সেই উপলব্ধি হলো, ক্লাবের কাছে নিজেকে এখন বাইরের লোক বলে মনে হচ্ছে। তবে আরও একবছর চুক্তি থাকা অবস্থায় এখনই যে ক্লাব ছাড়াটা কঠিন, সেটাও মেসি বুঝতে পারছেন বলে জানিয়েছেন কোম্যানকে। আগের দিনই বার্সেলোনায় নতুন কোচ হিসেবে পরিচিতি অনুষ্ঠানে কোম্যান বলেছেন তিনি ক্লাবে সেই সব খেলোয়াড়কেই রাখতে চাইবেন যাদের মধ্যে দায়বদ্ধতা আছে। তাহলে দ্বিধান্বিত মেসিকে নিয়ে কী করবেন তিনি? আবার এটাও পরিষ্কার যে বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ যেভাবেই হোক মেসিকে ধরে রাখতে চান। কারণ ইতিহাসের সেরা খেলোয়াড়কে ক্লাব থেকে বের করে দেওয়ার ‘কলঙ্ক’ তিনি মাথায় নিতে চান না।

ভাগ