পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি তদন্ত কমিটির আবেদন মঞ্জুর : তিন কিশোর হত্যায় অভিযুক্ত শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ বন্দিকে হেফাজতে নিতে আদালতে পুলিশের আবেদন

মীর মঈন হোসেন মুসা ॥ তিন বন্দি কিশোর হত্যাকা-ে অভিযুক্ত যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ বন্দিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাদের জন্য গতকাল বৃহস্পতিবার আদালতে আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামান প্রত্যেকের ৭ দিনের হেফাজতে নেওয়ার জন্য এই আবেদন জানান। অপরদিকে সমাজকল্যাণ মন্ত্রাণালয় গঠিত তদন্ত কমিটি ও সমাজসেবা অধিদফতর গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির আটক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য যে আবেদন করেছিল তা মঞ্জুর করেছেন আদালত। গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন ওই দুটি তদন্ত কমিটির আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামান জানান, ৩ বন্দি কিশোর হত্যাকা-ে জড়িত শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ বন্দিকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তাদের হত্যাকা-ের ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ কারণে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আদালতে আবেদন জানিয়েছেন। ওই ৮ বন্দির প্রত্যেককে ৭ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত কর্মকর্তা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানিয়েছেন। কিন্তু অভিযুক্তরা শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি (অপ্রাপ্ত বয়স্ক) হওয়ায় এই মামলার নথি কিশোর আদালতে পাঠানো হয়েছে। আগামী ২৩ আগস্ট রোববার কিশোর আদালতে নথি উপস্থাপন করা হতে পারে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আদালত পুলিশ পরদর্শক মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তিন বন্দি কিশোর বন্দি হত্যাকা-ে অভিযুক্ত ৮ বন্দি হচ্ছে-চুয়াডাঙ্গার আনিস, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসেন, মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন, মনোয়ার হোসেন রানা, রাজশাহীর শিমুল পলান ও কুড়িগ্রামের রিফাত আহমেদ। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তিন কিশোর বন্দি হত্যার ঘটনায় আটক যশোর শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানিয়েছিল সমাজকল্যাণ মন্ত্রাণালয় গঠিত তদন্ত কমিটি ও সমাজসেবা অধিদফতর গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের আবেদন মঞ্জুর করেছেন। সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিকে (৩ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ) ২১, ২২ ও ২৩ আগস্ট এই তিনদিনের মধ্যে যেকোন একদিন আটক ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে। আর সমাজসেবা অধিদফতর গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিকে (দুই সদস্য বিশিষ্ট কমিটির প্রধান সমাজসেবা অধিদফতরের পরিচালক সৈয়দ মো. নুরুল বাসির) ২৪, ২৫ ও ২৬ আগস্ট এই তিনদিনের যেকোন একদিন জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দিদের ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ৩ বন্দি কিশোর নিহত এবং আরও ১৫ জন আহত হয়। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ৫ কর্মকর্তাকে পরে আটক করে। এছাড়া ঘটনার সাথে জড়িত শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ বন্দিকে আদালতের মাধ্যমে হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।

ভাগ