খুলনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪

খুলনা ব্যুরো ॥ গত বুধবার রাতে খুলনার খালিশপুরে খুন হয়েছেন ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান। এসময় আহত হন আরও দু’জন। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে আটক করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি কানাই লাল সরকার জানান, রাতে খালিশপুর থানাধীন লাল হাসপাতালের বিপরীতে এস আর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের ওয়েটিং রুমে হানা দেয় ১০/১৫ জন সন্ত্রাসী। তারা এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাসিবুর রহমান, জুবায়ের ও রানাকে গুরুতর জখম করে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাথে সাথে খালিশপুর থানা পুলিশ সন্ত্রাসীদের আটকের জন্য অভিযানে নামে। এসময় ঘটনার সাথে জড়িত অভিযোগে ইথুম, তুষার, সাকিব ও নাঈমুর রহমান ফাহিম নামে ৪ জনকে আটক করে পুলিশ। একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রুপের মধ্যে রেষারেষির জের ধরে এ হত্যাকা- ঘটেছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মনি জানান, নিহত হাসিবুর রহমান খানজাহান আলী থানা ছাত্রলীগের সহসভাপতি। তবে ছাত্রলীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল নিহত হাসিবুর দলের কোন পদে নেই বলে দাবি করেন।

ভাগ