সুন্দরবনের করমজল ভাসছে জোয়ারের পানিতে

বাগেরহাট সংবাদদাতা ॥ জোয়ারের পানিতে ভাসছে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরের জোয়ারে পশুর নদীর পানি ৩ থেকে সাড়ে তিন ফুট বৃদ্ধি পাওয়ায় করমজলের অভ্যন্তরের রাস্তাসহ বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। রাস্তার ওপর অন্তত এক থেকে দেড় ফুট পানি উঠে যায়। তবে করমজলে থাকা কোন বন্যপ্রাণির শেডে পানি ওঠেনি। শেডের মধ্যে থাকা হরিণ, কুমির, কচ্ছপসহ অন্য সব প্রাণি স্বাভাবিক ও নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির। এদিকে দুপুর থেকে বিকেলের জোয়ারের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, রামপাল ও চিতলমারীর বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। দড়াটানা ও ভৈরব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র রাহাতের মোড়, কাপড়পট্টী, পুরাতন বাজারসহ বেশকিছু এলাকার মূল সড়ক পানির নিচে তলিয়ে ছিল কয়েক ঘন্টা। তবে জোয়ারের পানি বৃদ্ধি পেলেও জেলার কোথাও মৎস্য ঘের ডুবে যাওয়ার কোন খবর নেই বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক।

ভাগ