লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে স্থানীয়ভাবে তৈরি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি জানান, তাদের তৈরি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পরিধি ১ হাজার ৪০০ কিলোমিটার। অর্থাৎ, এই দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরিধি ১০০০ কিলোমিটারের বেশি। নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে চলতি বছর ইরাকে মার্কিন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির নামে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তৈরি না করতে সতর্ক করলেও, সে হুঁশিয়ারির তোয়াক্কা না করে নতুন দুটি ক্ষেপণাস্ত্র আনলো ইরান। দেশটির রাষ্ট্র পরিচালিত টিভিতে ক্ষেপণাস্ত্রগুলোর ছবি দেখানো হয়েছে। বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে নতুন এই ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানী বলেন, ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমরা যে দুই বছরেরও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলোর পরিধি ৩০০ থেকে ১ হাজার কিলোমিটারে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের জন্য বিরাট অর্জন। আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলো প্রতিরক্ষামূলক।
এমন সময় ইরান নতুন ক্ষেপণাস্ত্রের ঘোষণা দিলো যখন ওয়াশিংটন ইরানের উপর জাতিসংঘের আরোপিত একটি অবরোধের সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে। আগামী অক্টোবরে ওই অবরোধের সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।





