আমিরাতের জাহাজ আটকের দাবি ইরানের

লোকসমাজ ডেস্ক॥ সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত একটি জাহাজ আটক করেছে ইরান। গত সোমবার আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করায় জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, জাহাজটি আটকের দিন আমিরাতের উপকূলরক্ষীরা দুজন ইরানি জেলেকে হত্যা করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বিকৃতী দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে আমিরাত। এরপর থেকেই ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়ে চলেছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্র পরিচালিত টিভি পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানায়, সোমবার ইরানের সীমান্তরক্ষী বাহিনী আমিরাতি জাহাজ ও এর কর্মীদের আটক করেছে। ইরানের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে জাহাজটিকে আটক করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, একইদিন আমিরাতি উপকূলরক্ষীরা দুজন ইরানি জেলেকে গুলি করে হত্যা করেছে।
একইসঙ্গে একটি নৌকা আটক করেছে। এ ঘটনায় আমিরাত দুঃখ প্রকাশ করেছে ও বুধবার এক চিঠিতে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ভাগ